সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সৌদি আরবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই স্থগিতাদেশের মধ্যে সামরিক-বেসামরিক উভয় কাজেই ব্যবহারযোগ্য প্রযুক্তিও রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সোমবার ফ্রান্স জানিয়েছে, খাশোগি হত্যাকাণ্ডে তারা শীঘ্রই সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ সৌদি আরব। গত প্রায় তিন বছর ধরে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিবেশী ইয়েমেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে সৌদি।
এই যুদ্ধে ইতোমধ্যে লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। খাদ্যাভাবে মারা গেছে প্রায় ৮৫ হাজার শিশু। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স স্যামুয়েলসন বলেছেন, ‘ক্রমাবনতির কারণে ইতোমধ্যে ইয়েমেনের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আমরা নতুন একটি পরিস্থিতিতে পড়েছি।’