ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিখোঁজ হওয়া এক মাদরাসা ছাত্রীকে (১৪) মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে অপহরণের ৫২দিন পর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ছাত্রী হাসনপুর গ্রামের এক ব্যবসায়ীর মেয়ে। এ সময় পুলিশ তানিয়া (৪৫) নামে এক নারীকে আটক করেছে।
মামলার বিবরণে জানা যায়, ৪ জুন সকালে ওই মাদরাসা ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়াতে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। ১৯ জুন অজ্ঞাত একটি মুঠোফোন নাম্বার থেকে মেয়ের সন্ধানের কথা বলে ২৫ হাজার টাকা দাবি করে এক ব্যক্তি। এ ঘটনায় মেয়ের বাবা গৌরীপুর থানায় মামলা করে। ২৫ জুলাই সোমবার অপহৃতা মেয়েটি মুঠোফোনের মাধ্যমে মুন্সীগঞ্জের একটি বাড়িতে আটক আছে বলে জানায়। পরে তার পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করলে পুলিশ মঙ্গলবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা থেকে তাকে উদ্ধার করে গৌরীপুর থানায় নিয়ে আসে।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক বলেন, উদ্ধার হওয়া মাদরাসা ছাত্রীকে জবানবন্দির জন্য কোর্টে পাঠানো হয়েছে। আটক তানিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে।