ঢাকার কল্যাণপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি মতিয়ার রহমান দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের নাসিরউদ্দীন সরদারের ছেলে।
নিখোঁজের খবরটি পুলিশকে জানাতে হবে বা থানায় সাধারন ডায়েরি করতে হবে বিষয়টি হতদরিদ্র পরিবারের কেউ প্রয়োজন মনে করেননি। স্বজনরা টেলিভিশনের সংবাদ দেখে নিশ্চিত করেছেন কল্যাণপুরে নিহত জঙ্গিই মতিয়ার।
এদিকে, মতিয়ারের বিষয়ে আারো বিস্তারিত খোঁজ খবর নেয়ার জন্য মামা গফফার রহমানকে পাটকেলঘাটা থানা হেফাজতে নিয়ে গেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মতিয়ারের বাবা নাসির কমপক্ষে পাঁচটি বিয়ে করেন। চার বছর বয়সে মতিয়ারের মা খায়রুন্নেসাকে তালাক দেন তার বাবা। সেই থেকে তার মা নানার বাড়ি ধানিদিয়ায় থাকতেন। পরে মতিয়ারের মা ঢাকার একটি গার্মেন্টসে দীর্ঘদিন চাকরি করেছিলেন। গত দু মাস আগে তিনি কাজের সন্ধানে সৌদিতে আরবে গেছেন।
তারা আরো জানান, মতিয়ার অত্যন্ত গরীব পরিবারের সন্তান। দাদা থেকে প্রাপ্ত মাত্র ষোল শতক বসত বাড়ি ছাড়া তাদের আর কোনো সহায় সম্পত্তি নেই। তাছাড়া তার বাবার একাধিক স্ত্রী আছে। তাদের ঘরেও একাধিক সন্তান রয়েছে।
অপরদিকে, তার দাদার বাড়িতে মতিয়ারের লাশ দাফনের জন্য প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছেন মতিয়ারের চাচী মাহফুজা খাতুন।
চাচা মুইরুদ্দিনের স্ত্রী মাহফুজা জানান, মতিয়ার বরাবরই কেমন হতাশাগ্রস্থ ছিল।
মতিয়ারের মামী লিমা খাতুন জানান, গত বছরের রমজান মাসে মতিয়ার বিদায় নিয়ে চলে যায় ঢাকায়। এ বছর রমজানে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আসতে পারেনি। গত বছর বন্ধুদের ডাকে চলে যায় সে। কিন্তু সেই বন্ধুদের চেনে না মতিয়ারের মামীসহ তার স্বজনরা।
দাদা আতিয়ার রহমান জানান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে মতিয়ার চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল। এরপর তার মায়ের হাত ধরে ঢাকাতে চলে যায় সে। সেখান দীর্ঘদিন থাকার পর বছর চারেক আগে মতিয়ারের মা খায়রুন্নেসা গার্মেন্টেসের চাকরি ছেড়ে দেয়। এরপর তার মা সৌদি আরবে চাকরি নিয়ে চলে যায়। তখন থেকে মতিউর বাড়িতে না এসে ঢাকাতে অবস্থান করতে থাকে। এক বছর আট মাস আগে শেষ বার সে এসেছিল গ্রামে।
সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে সাতক্ষীরায় সচেতনতামূলক কাজ শুরু করেছে। জঙ্গি মতিয়ারের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য তার মামা গফফার রহমানকে ডাকা হয়েছে। তাকে গ্রেফতার বা আটক করা হয়নি।