আলেপ্পোর চারদিকে মানবিক করিডোর খুলছে রাশিয়া

রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে, তারা সিরিয়ার বেসামরিক নাগরিক ও পালিয়ে যাওয়া যোদ্ধাদের জন্য মানবিক করিডোর খোলার ব্যাপারে দামেস্ক সরকারের সাথে একত্রে ‘বড় ধরনের মানবিক কাজ’ শুরু করেছে।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু রুশ বার্তা সংস্থাগুলোকে বলেন, সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকা বেসামরিক নাগরিকদের সাহায্যে এবং অস্ত্র জমা দেয়ার ইচ্ছা প্রকাশ করা যোদ্ধাদের জন্য তিনটি মানবিক করিডোর এবং অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়  বিদ্রোহীদের জন্য নগরীর উত্তরে আরো একটি করিডোর খুলে দেয়া হচ্ছে।
 
বিদ্রোহী বাহিনীগুলো আলেপ্পোর পূর্বাঞ্চলের দখল নিয়ে গত চার বছর ধরে আসাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, বিদ্রোহীরা তিন মাসের মধ্যে অস্ত্রসহ আত্মসমর্পণ করলে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। সিরীয় বাহিনী আলেপ্পোকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে এবং সব সরবরাহ লাইন কেটে দেয়া হয়েছে। এই আক্রমণে রাশিয়া সহায়তা করছে। বিবিসি।