কালাই ও ক্ষেতলাল উপজেলার পাঁচ কিলোমিটার সংযোগ রাস্তাটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায় প্রতিনিয়ত যানবাহন ও পথচারিরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। ওই রাস্তা দিয়ে প্রতিদিন দুই উপজেলার হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করে থাকে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ, পাথর, খোয়া উঠে গিয়ে বড়-বড় গর্ত হয়েছে।
উপজেলা কাজীপাড়ার আট থেকে ১০ জন যুবক স্বেচ্ছাশ্রমে মাটি, খোয়া ও বালি নিজেদের কাঁধে নিয়ে বড়-বড় গর্তগুলো ভরাটসহ সড়ক সংস্কারের কাজ করছেন। উপজেলা কাজীপাড়া স্বেচ্ছাশ্রমিক সুজাউল ইসলাম জানান, এ রাস্তা দিয়ে রাতে যাতায়াতের সময় এক সপ্তাহে ১৫ থেকে ২০ জন পথচারী গর্তে পড়ে আহত হয়েছেন। তিনি নিজেও গর্তে পড়েছিলেন। তিনিসহ এলাকার বেশ কয়েকজন নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার করছেন।