মাগুরা পৌরসভার মালিকানাধীন দুটি ঝুঁকিপূর্ণ ভবনে মার্কেট চালু থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পৌর কর্তৃপক্ষ ব্যবহার অনুপযোগী ঘোষণা করে নোটিস টানিয়ে দিয়েছে। কিন্তু কয়েকশ ব্যবসায়ী নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে এরমধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
পৌরসভাসূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় ও জামে মসজিদ রোডের জুতাপট্টিতে দ্বিতল বিশিষ্ট দুটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। সে সময় থেকে এ ভবনে এক ও দ্বিতীয় তলায় দুই শতাধিক ব্যবসায়ী দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছেন। তৃতীয় ও চতুর্থতলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাদের অফিস স্থাপন করেছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, পৌরসভার এ মার্কেটগুলো নির্মাণে ত্রুটি, নিম্নমানের ইট, বালু, খোয়া, সিমেন্ট এবং রড ব্যবহারের কারণে দুই দশক যেতে না যেতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ছাদসহ অধিকাংশ জায়গা থেকে বালু, খোয়া ভেঙে পড়তে থাকে। বর্তমানে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে।
পৌরসভার প্রকৌশলী সাইফুল ইসলাম হিরোক বলেন, ২০১৩ সাল থেকে তিন দফায় পৌর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের এ মার্কেট ব্যবহার না করার জন্য নোটিস দিয়েছে। একই সঙ্গে মার্কেটগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। কিন্তু ব্যবসায়ী বা ব্যবহারকারীরা বিষয়টি আমলে নেননি।