শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া রাস্তায় বক্স-কালভার্ট নির্মাণের নাম করে এলজিএসপি’র লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে।
এলাকাবাসী জানায়, ইউনিয়নের বাকাকুড়া রাস্তায় ২০১৪/১৫ অর্থ বছরের ১টি বক্স-কালভার্ট নির্মাণের নাম করে এলজিএসপি’র ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকার ওই রাস্তার ভাঙ্গা অংশে ইটের ৩টি পাট্টা বসিয়ে কালভার্ট নির্মাণ না করেই পুরো টাকা আত্মসাত করে।
বর্তমানে ওই রাস্তার ভাঙ্গা অংশ দিয়ে পারাপার হতে গিয়ে গ্রামবাসীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামবাসীরা জরুরি ভিত্তিতে রাস্তার ওই ভাঙ্গা অংশের কালভার্ট নির্মাণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকারের সাথে কথা হলে তিনি বলেন, বৃষ্টির কারনে কাজ করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে আসলে কালভার্টটি নির্মাণ করা হবে। ইউএনও সেলিম রেজা বিষয়টি দেখবেন বলে জানান।