ইত্তেফাক ডেস্ক
সোনাগাঁওয়ে মা-মেয়ে এবং মানিকগঞ্জে পিতা-পুত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ৮ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। হবিগঞ্জে ওভারটেকিং করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে চাপা দিয়েছে একটি বাস। কুড়িগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাকা মাথায় পড়ে মৃত্যু হয়েছে পাঁচ বছরের এক শিশুর। এদিকে রাজধানীর কল্যাণপুরে গাড়ি চাপায় আব্দুর রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি মেহেরপুরের গোবীপুর গ্রামে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। মাদ্রাসার অফিসিয়াল কাজে বৃহস্পতিবার ভোরে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রাজ্জাক। মৃত ব্যক্তির স্বজনরা মামলা করতে রাজি হননি। লাশের ময়নাতদন্তও করাতে চাননি তারা। ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে মোটর সাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে চালক জসিম। স্ত্রী সানজিদা (৩৮) এবং মেয়ে জান্নাতকে (৭) নিয়ে মোটর সাইকেলে করে জসিম সোনারগাঁওয়ের দড়িকান্দিতে যাওয়ার সময় মল্লিকপাড়া নামক স্থানে পৌঁছলে একটি বাস তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওবায়দুল (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী এলাকায় বলে নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা। পুলিশ জানায়, ওবায়দুল হোসেন তার চার বছর বয়সী ছেলেকে নিয়ে মোটর সাইকেলযোগে ফরিদপুরে যাচ্ছিলেন। পুখুরিয়া এলাকায় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিতা-পুত্র নিহত হন। বাস রেখে চালক ও সহকারী পালিয়েছে।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সিরহাট বাজারে ট্রাক চাপায় মো. আবুল হোসেন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে শায়েস্তানগর গ্রামে। সে ওই গ্রামের মৃত নুরজ্জামান ড্রাইভারের ছেলে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় আপন নামে তার এক সহপাঠী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া বেলাব উপজেলার হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও হোসেননগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। কভার্ডভ্যানটি পালানোর সময় পুলিশ ভ্যানসহ চালক শহিদ মিয়াকে আটক করে।
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক (২৬) যুবক নিহত হয়েছে। কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। নরসিংদী রেলওয়ে ফাঁড়ি সূত্র জানায়, অজ্ঞাত ওই যুবকের পরনে কালো প্যান্ট, হলুদ-কালো ডোরাকাটা টি-শার্ট ছিল। নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে বৃহস্পতিবার সকালে একটি বাস চাপায় রাজিয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। রাজিয়া বেগম ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আছিম উল্লার স্ত্রী। ঢাকাগামী বেপরোয়া কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটের্কিং করার সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পানিউমদা বাজার এলাকায় বাসটিকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর উল্টে কাদির মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদির উপজেলার বৈশ্বর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। এ ঘটনায় কালা মিয়া (৩৫) ও ইমাম হোসেন (২৬) নামে আরও দুইজন আহত হয়। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বেড়তলা এলাকায় বিপরীতমুখি দুটি ট্রাক ও লরির সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বাসের ধাক্কায় মাহফুজা বেগম ওরফে মারুফা (২৬) নামের এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। এ সময় নসিমন চালকসহ ওই নারীর ছেলে তানহা (৭) গুরুতর আহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাহফুজা বেগম বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শহিদুল হাওলাদারে স্ত্রী। গুরুতর আহত তানহাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, হিলি-পাঁচবিবি রেল রুটের আটাপাড়া রেলগেট এলাকায় গত বুধবার দিবাগত রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি (৩২) নিহত হয়েছেন।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের ডাল সড়ক এলাকায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় রফিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। আহত হয়েছে ইয়ামিন ও জাহাঙ্গীর নামে দুই যাত্রী। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক সিংড়া উপজেলার সাঐল গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ট্রাক্টর এবং এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির চাকা মাথায় পড়ে আনারুল হক (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব কাশিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবু সায়েদের ছেলে। স্থানীয়রা জানান, ট্রলিতে করে একটি চাকা নিয়ে আবু সায়েদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ট্রলি আসতে দেখে শিশু আনারুল হক ট্রলির পিছনে পিছনে দৌড়াতে থাকে। এসময় ট্রলির উপরে রাখা চাকাটি হঠাত্ তার মাথায় পড়ে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।