যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর উদ্বেগ দূর করে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং। তিনি বুধবার দুবাইয়ে ১৯৪টি সদস্য রাষ্ট্রের বার্ষিক সভায় রাশিয়ার আলেক্সান্দার প্রকপচুককে পরাজিত করে আন্তর্জাতিক এ পুলিশ সংস্থার শীর্ষ পদে আসীন হলেন।
কিম আগামী দুই বছর ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেপ্টেম্বরে চীন সফরে গিয়ে সেখানকার পুলিশের হাতে আটক হন ইন্টারপোলের তত্কালীন প্রেসিডেন্ট মেং হোংওয়ে। তাকে ঘুষ গ্রহণের দায়ে আটক করার কথা জানায় বেইজিং। ইন্টারপোল পরে মেংয়ের পদত্যাগপত্র পাওয়ার কথাও জানায়। তার উত্তরসূরী ঠিক করতেই বুধবার দুবাইতে বার্ষিক কংগ্রেস ডাকা হয়। সেখানেই অপেক্ষাকৃত শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে মেংয়ের মেয়াদকাল শেষের গুরুদায়িত্ব পান মাস দুয়েক ধরে ইন্টারপোলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কাজ চালিয়ে যাওয়া কিম। — বিবিসি