ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুইজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের সময় এ ’বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, রাত ২টার দিকে একদল ডাকাত কালীগঞ্জ জীবননগর মহাসড়কের কাটাখালী নামক স্থানে যানবাহনে ডাকাতি করার জন্য রাস্তার পাশের ২টি গাছ কেটে ও দুই পাশের গাছের সঙ্গে মোটা দড়ি বেঁধে ব্যারিকেড দেয়। পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে বাধা পেয়ে থেমে যায়। 
 
পুলিশ কর্মকর্তার ভাষ্য মতে, এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ লাশ, ২টি শার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৩টি ককটেল, ২টি করাত, ৩টি হাসুয়া, ১টি চাপাতি, ১ গাছি মোটা দড়ি ও ২টি ছুরি উদ্ধার করে।
 
আহত কনস্টেবল দুইজন হচ্ছেন, আহসান হাবিব ও সেলিম রেজা। তাদের মহেশপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। লাশ মহেশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।