জামালপুরে বন্যা: রেল যোগাযোগ বিচ্ছিন্ন, বিপদসীমার ওপরে পানি

রেললাইনের উপর বন্যার পানি ওঠায় জামালপুর-দেয়ানগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার পর থেকে এ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়। আজ শনিবারও ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ওপর প্রবাহিত হচ্ছে। 
 
জামালপুর রেলওয়ে থানার ওসি আশিকুল ইসলাম মজুমদার জানান, জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের দুরমুঠ, ইসলামপুরসহ কয়েকটি স্থানে রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে। তাই ঝুঁকিপূর্ণ হওয়ায় রাতে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 
 
এদিকে, ৬৮ ইউনিয়নের মধ্যে ৩৬টি পানির নিচে তলিয়ে আছে। প্রায় পাঁচ লাখ লোক পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্বিষহ জীবন যাপন করছেন তারা। সরিষাবাড়ির কেন্দুয়া কালিবাড়ি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
 
অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, শুক্রবার ১৯৭ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সেসব বিতরণ চলছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।