ভোটাররা ভোটবিমুখ হলে গণতন্ত্রের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়বে: বি. চৌধুরী

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও চলমান উপজেলা নির্বাচন হচ্ছে একদলীয়। এ নির্বাচনে প্রতিযোগিতা একটি দলের প্রার্থীদের মধ্যেই সীমাবদ্ধ। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল খুবই কম। ভোটাররা কেন ভোট দিতে যায় না, এটা নিয়ে ভাবতে হবে। ভোটাররা ভোটবিমুখ হলে গণতান্ত্রিক ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়বে। বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের (যুক্তফ্রন্টের শরিক দল) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাসচাপায় মেধাবী ছাত্র আবরার হোসেনের নিহত হওয়ার ঘটনাকে হত্যা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, দেশে আইন থাকলেও প্রয়োগ নেই, আমরা অবিলম্বে এই অবস্থার অবসান চাই। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রধান শপথ ছিল গণতান্ত্রিক  দেশ গড়ার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার। 

বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের প্রতিষ্ঠাতা আমির হাফেজ মাওলানা মুহম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের নায়েবে আমির মুফতি শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক এবং বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ জাতীয় পার্টির  চেয়ারম্যান ড. এম.এ মুকিত, শরীয়াহ আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।