সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপির রাজনীতি ভুলে ভরা। এজন্য মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি একদিন বিলীন হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, যে দল টাকার বিনিময়ে নমিনেশন দেয়, মানুষকে খুন করে এবং যে দলের নেত্রী দুর্নীতি মামলার আসামি সে দলকে মানুষ কেন ভোট দিবে। আগামী ৫ বছরের মধ্যে ইতিহাসে মুসলিম লীগ, ভাসানী-ন্যাপসহ বিলুপ্ত দলগুলোর মতো বিএনপিও বিলীন হয়ে যাবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করছেন। তার শাসন আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস প্রমুখ। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।