জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক দ্বিতীয় উচ্চ পর্যায়ের সম্মেলনে (বাপা+৪০) অংশ নিয়ে দক্ষিণের দেশগুলোর জন্য একটি মন্ত্রী পর্যায়ের ফোরাম এবং ‘দক্ষিণ-দক্ষিণ জ্ঞান ও উদ্ভাবনী কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনার বুয়েন্স আয়ারস্-এ অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই প্রস্তাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বাপা+৪০ এর লক্ষ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতার বাস্তবায়নকে এগিয়ে নেওয়া। ২০ মার্চ শুরু হওয়া উচ্চ পর্যায়ের সম্মেলনের স্বাগতিক দেশ আর্জেন্টিনা। সম্মেলন আজ শেষ হবে। বাংলাদেশ এ সম্মেলনে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সম্মেলনটির উচ্চ পর্যায়ের প্লেনারিতে কিছু সময়ের জন্য সভাপতির দায়িত্বও পালন করেন।
সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দে এসপেনোসা গার্সেজ, জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালকালিয়ানি এবং গুয়েতেমালার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার জাইরো ডি. এসট্রাডা বি. এর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। সাধারণ পরিষদের সভাপতি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় প্রদানে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন।