কুমিল্লায় দুপক্ষের গোলাগুলিতে নিহত ১

কুমিল্লায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি ঘটনায় রাসেল নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।
 
শনিবার রাত সাড়ে ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
 
জানা গেছে, বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি কবরস্থানের গাছ কাটা নিয়ে কাউছার ও হানিফদের সঙ্গে একই এলাকার আবদুল মালেকের পরিবারের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষ সংঘর্ষ-গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কাতার প্রবাসী রাসেলকে (২৭) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় রাজন (১২), বাপ্পী (২২), জনি (২৪) গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।