যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের একটি বাড়িতে রাতে চলা পার্টিতে গুলি চালিয়েছে এক অস্ত্রধারী। এতে তিন জন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় পুলিশ। সিয়াটল শহরের ২৫ মাইল উত্তরে কানাডা সীমান্তবর্তী মাকলটিও এলাকায় শুক্রবার রাতে এ হামলা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
হামলার পর শনিবার ভোরের দিকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাকলটিওর মেয়র জেনিফার গ্রেগারসন এক সংবাদ সম্মেলনে বলেন, আজ আমাদের কমিউনিটি একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো। অনেক তরুণ এমন ঘটনা দেখেছে ও শুনেছে, যার অভিজ্ঞতা কখনও কারও হওয়া উচিত নয়।
ওই পার্টিতে ১৫ থেকে ২০ জন তরুণ ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতদের নাম এবং সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় পুলিশ এক টুইটে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা বললেও সেটি কী অস্ত্র তা প্রকাশ করেনি। তবে হামলায় রাইফেল ব্যবহৃত হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে। বিডি নিউজ।