ক্ষেপণাস্ত্র পাল্লার মধ্যে আছে মার্কিন ঘাঁটি ও রণতরী

আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটি ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্র পাল্লার মধ্যেই আছে বলে হুঁশিয়ার করেছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মুখে বুধবার ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর এক কমান্ডার এ হুঁশিয়ারি দিয়েছেন ।

বিপ্লবী রক্ষী বাহিনীর এয়ারস্পেস ডিভিশনের প্রধান আমিরালি হাজিজাদেহকে উদ্ধৃত করে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তারা আমাদের পাল্লার মধ্যেই আছে, যদি তারা (আমেরিকানরা) অগ্রসর হয় তাহলে আমরা তাদের আঘাত করতে পারবো। রক্ষী বাহিনী তাদের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ক্ষমতা আরও নিখুঁত করে তুলেছে এবং সেগুলো মার্কিন বাহিনীর কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল দাফরা ঘাঁটি ও আফগানিস্তানে অবস্থিত কান্দাহার ঘাঁটিতে আঘাত হানতে পারবে বলে জানান হাজিজাদেহ।

চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে করা আন্তর্জাতিক একটি চুক্তি থেকে বের হয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন। চুক্তিটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং সিরিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে তাদের ছায়া গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার বিষয়গুলো নিয়ন্ত্রণের কথা উল্লেখ না থাকায় এটি পরিপূর্ণ হয়নি বলে দাবি তার।  ট্রাম্পের এসব পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।