কালীগঞ্জে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

 
গাজীপুরের কালীগঞ্জে মাছ ধরতে গিয়ে মারা যান শ্রীধাম চন্দ্র দাস (৩৫) নামের এক জেলে। রবিবার দুপুরে শ্রীধামের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ।
 
নিহত শ্রীধাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগরিয়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র দাসের ছেলে।     
 
নিহতের ভগ্নিপতি অনিল চন্দ্র দাস জানান, বর্ষাকাল থাকায় টাঙ্গাইল থেকে ১০-১২জনের একটি জেলের দল কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গারালিয়া বিলে মাছ ধরতে যান। তারা বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় অবস্থান করে মাছ ধরছিল। রবিবার সকালে মাছ ধরা অবস্থায় নৌকা থেকে শ্রীধাম পড়ে যান। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, শ্রীধামের মৃত্যুর খবর পেয়ে টাঙ্গাইল থেকে তার আত্মীয়-স্বজন ছুটে আসেন। তারা শ্রীধামের মৃত্যুকে রহস্যজনক মনে করে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠায়।
      
তিনি আরো জানান, এ ব্যাপারে নিহতের বড়ভাই ভবেশ চন্দ্র দাস বাদী হয়ে দুপুরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর ১৭) দায়ের করেছেন।