গোপালগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তরুণ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তরুণ পিকআপের হেলপার। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সেবা গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি দুমড়েমুচড়ে যায়। সেখানে থাকা চারজন আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জে আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে চিকিত্সাধীন অবস্থায় হেলপার তরুণের মৃত্যু হয়।