বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ উপজেলার জামিরতলা গ্রামে হামিদ দরানি হত্যা মামলা প্রধান আসামী আবু হাওলাদারকে গ্রেফতার করেছে। পুলিশ তার স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে দেশী তৈরী বন্দুক ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
রবিবার তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে থানা অফিসার ইন চার্জ (তদন্ত) তারক বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স শনিবার বিকেলে তাকে আটক করতে সক্ষম হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি জামিরতলা নূরুল ইসলাম দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী আব্দুল হামিদ দরানি (৫৮)কে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন সন্ধ্যায় হামিদ দরানি ও তার পুত্র ছাবুলকে নিয়ে কুদঘাটা বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তারা মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আবু হাওলাদার ও তার আপন ছোট ভাই ছাবুল হামিদ দরানিকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। আবু হাওলাদার নিহত হামিদ দরানির সাবেক জামাতা।
এ ঘটনায় নিহতের পুত্র লিটন দরানি বাদী হয়ে আবু হাওলাদার ও তার ভাই ছাবুল হাওলাদারকে আসামী করে মামলা দায়ের করেন। থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম জানান, আবুকে গ্রেফতারের জন্য পুলিশ দীর্ঘদিন নিরলস পরিশ্রম করে সফল হয়েছে। তার বিরুদ্ধে খুলনা ,ডুমুরিয়া,মোরেলগঞ্জ সহ বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। তবে পলাতক ভাই ছাবুল ওরফে সাইফুল এ হত্যার সাথে জড়িত বলে আটক আবু হাওলাদার বলেছেন।