সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে দুই ম্যাচ পরই কাঁধের ইনজুরিতে পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আর এই ইনজুরির কারণেই এখন অপারেশন টেবিলে যেতে বাধ্য হচ্ছেন কাটার মাস্টার।
ফলে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় মাস। তবে কোথায় তাঁর অপারেশন করানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে বিসিবি। সোমবারের মধ্যেই যা চূড়ান্ত হওয়ার কথা।
এদিকে মুস্তাফিজের চিকিৎসার খরচ বহন প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘সাসেক্স আর মোস্তাফিজের চুক্তি অনুযায়ীই সব হবে। যদি চুক্তিতে তার চিকিৎসা খরচ বহন করার কথা লেখা না থাকে, তাহলে বিসিবিই তা করবে। বোর্ড সব সময়ই মুস্তাফিজের পাশে আছে। সার্জারি যেখানেই হোক তার পুরো খরচ বিসিবিই দেবে।’
অপরদিকে সাসেক্স জানিয়েছে মুস্তাফিজের চিকিৎসার খরচ বহন করবে তারা। সাসেক্সের প্রধান নির্বাহী জ্যাক টোমাজি বলেন,‘সে এ মৌসুমে আর আমাদের হয়ে খেলতে পারবে না। তবু সে আমাদের দলেরই একজন খেলোয়াড় এবং আমাদের পরিবারের একজন সদস্য। তার চিকিৎসার সকল ব্যয় আমরা বহন করতে প্রস্তুত।’