বড়াইগ্রামে ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার পাইকেরহাটি গ্রামের শাকিলা খাতুন (২১) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কেশবপুর গ্রামের রুহুল আমিন (৩২)।
 
পুলিশ জানায়, সোমবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় এদের দেহে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
 
বড়াইগ্রাম থানার এসআই মাসুদ করিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাক মোড়ে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে শাকিলা ও রুহুল আমিনের দেহে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এবং তাদেরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয়।