রাশিয়ায় হামলা চালানোর আহ্বান আইএসের

 
রাশিয়ায় হামলা চালানোর আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠী। রবিবার ইউটিউবে পোস্ট করা নয় মিনিটের এক ভিডিওতে আইএস সদস্যদের এ হামলা চালানোর আহ্বান জানানো হয়।
 
ভিডিওটিতে দেখা যায় মরুভূমিতে গাড়ি চালানো অবস্থায় এক ব্যক্তি চিৎকার করে কথা বলছে। ওই ব্যক্তি ভিডিওর শেষভাগে এসে বলে, 'শোনো পুতিন, আমরা রাশিয়াতে আসব এবং তোমাকে নিজ বাসায় হত্যা করব।' এরপর তারা বলে, 'ভাইয়েরা, জিহাদ শুরু কর, হত্যা কর এবং তাদের সঙ্গে যুদ্ধ কর।'
 
সাবটাইটেলসহ ওই ভিডিওর একটি অংশে দেখা যায়, সশস্ত্র ব্যক্তিরা একটি সাঁজোয়া যান ও তাঁবু লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং মরুভূমি থেকে অস্ত্র সংগ্রহ করছে। এ সময় সাবটাইটেলে লেখা ছিল, দক্ষিণ আকাশাতের আন্তর্জাতিক সড়কে রিজেকশনিস্ট সেনাবাহিনীর (যারা ইসরায়েলের প্রস্তাবিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে) একটি ব্যারাকে হামলা।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভিডিওটি আইএসের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওটি যে 'টেলিগ্রাম' মেসেজিং অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে তা আইএস ব্যবহার করে থাকে।
 
এ ছাড়া রাশিয়া আইএসের পরবর্তী হামলার লক্ষ্যবস্তু কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি । তবে সম্প্রতি সিরিয়ায় আইএস ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এক্সপ্রেস ডটকম ডটইউকে।