২ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরেছে প্রবাসী ব্যবসায়ী!

 
মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে অপহৃত প্রবাসী কামাল (৪০) বাড়ি ফিরেছেন। প্রায় ২ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সোমবার রাতে প্রবাসী কামালকে ছেড়ে দিয়েছে অপহরণকারী দুর্বৃত্তরা।
 
বাড়ি ফিরে প্রবাসী কামাল জানান, রাতের খাওয়া শেষে ঘুমাতে গেলে রাত সাড়ে ৮ টার দিকে ১২-১৪ জনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী তাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তারা তাকে পার্শ্ববর্তী মাঠের মধ্যে নিয়ে মারধর করে এবং বাড়ির মোবাইল নম্বরে মুক্তিপণ হিসেবে স্বজনদের কাছে ৫ লাখ টাকা দাবি করে। গভীর রাতের দিকে নগদ দেড় লাখ টাকা ও এক ভরি ওজনের একটি সোনার হার দেয়ার পর অপহরণকারীরা তাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
 
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি কামাল জানান, অপহরণের খবর পেয়ে অপহৃতকে উদ্ধারের জন্য মুজিবনগর থানা পুলিশের একটি দল রাতভর গোপালপুর-কাঁঠালপোতার মাঠে তল্লাশি চালায়। রাতে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দিলে তিনি বাড়ি ফিরে আসেন। তবে মুক্তিপণ বাবদ কোন লেন-দেন হয়েছে কিনা তা তিনি জানেন না।