নাইজেরিয়ায় বোকো হারামের হামলা প্রতিহত, ৫ জঙ্গি নিহত

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি নগরীর কাছে বোকো হারামের এক হামলা সেনা সদস্যরা প্রতিহত করেছে। এসময় পাঁচ জঙ্গি নিহত হয়। দেশটিতে সাত বছর ধরে চলা সহিংসতার কেন্দ্রস্থল হচ্ছে এ নগরী। বৃহস্পতিবার সেনাবাহিনী একথা জানায়।
 
সেনাবাহিনীর মুখপাত্র সানি উসমান এক বিবৃতিতে বলেন, সিভিলিয়ান জেটিএফের সমন্বয়ে অপারেশন লাফিয়া ডোলের সৈন্যরা মাইদুগুরি নগরীর উপকণ্ঠে ইয়াউরি কমিউনিটির ওপর বোকো হারামের সন্ত্রাসী হামলার প্রচেষ্টা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। তিনি জানান, সেখানে সামরিক বাহিনীর অভিযান চলাকালে পাঁচ জঙ্গি নিহত হয় এবং ঘটনাস্থল থেকে দু’টি একে-৪৭ রাইফেল ও একটি মেশিনগানসহ একটি অস্ত্রের খাপ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
 
আঞ্চলিক বাহিনীর সহযোগিতায় নাইজেরিয়ার সেনা সদস্যরা আঞ্চলিক সন্ত্রাসীদের পুনরায় আটক করে। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বোকো হারামের বিভিন্ন হামলায় প্রায় ২০ হাজার লোক নিহত হয় এবং ২৬ লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়ে। এএফপি।