তুরাগ নদীতে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর বারিণ্ডা এলাকার অলিউল্লাহর ছেলে মিজানুর রহমান মিজান (২৮) ও একই এলাকার কুদরত আলী মোল্লার ছেলে মিনহাজ মোল্লা (১৭)।
 
বুধবার সকালে সাভারের বিরুলিয়া এলাকা ঘেঁষা নদীতে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়দের খবরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
 
জানা গেছে, গাজীপুরের কাশিমপুর থেকে ২৫-৩০ জন যুবক মঙ্গলবার ট্রলারে করে বিরুলিয়ায় বনভোজনে আসে। দুপুরে তারা বিরুলিয়া শ্মশান ঘাটে ট্রলার ভিড়িয়ে খাবারের আয়োজন শেষে তুরাগ নদীতে গোসল করতে নামে। ওই সময় প্রবল স্রোতে মিনহাজকে ভেসে যেতে দেখে তাকে উদ্ধারে গিয়ে মিজানও ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে তল্লাশি শুরু করলেও রাতে প্রতিকূল আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ থাকে। বুধবার সকালে ঘটনাস্থলের পাশে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে আটটার দিকে লাশ দুটি উদ্ধার করে।
 
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।