গাংনীতে বোমা তৈরিকালে বিস্ফোরণ, সন্ত্রাসী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে বোমা তৈরিকালে বিস্ফোরণে সাহারুল ইসলাম (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
 
বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়। সাহারুল ইসলাম কাজিপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
 
বুধবার দুপুরে কাজীপুর ফুলতলাপড়ায় বোমা বানানোর সময় বিস্ফোরণে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাহারুল ইসলাম আহত হন।  গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার পুলিশ অভিযান চালিয়ে  কুষ্টিয়া সড়কের বামুন্দি বাজার থেকে তাকে আটক করে। পুলিশ  গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম জানান, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।