গৌরীপুর উপজেলার শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন হাঁটুপানি ভেঙে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে বিদ্যালয়ের সাড়ে ৪’শ শিক্ষার্থী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র শাহগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ২০০৫-২০০৬ অর্থবছরে এলজিইডির তত্ত্বাবধানে বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হওয়ার পর থেকেই সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পুরো বর্ষা মৌসুমে আর পানি সরে না। নতুন ভবনটিতে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হয়। শাহগঞ্জ বাজারের প্রধান সড়ক থেকে বিদ্যালয়ের নতুন ভবন অনেক নিচু। আর মাঠটি তার চেয়েও নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পয়ঃনিষ্কাশনের জন্য এখানে কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে বিদ্যালয় মাঠে হাঁটুপানি জমে থাকে। জমে থাকা ওই পানিতে দুর্গন্ধ ও নানা রোগ-জীবাণু জন্ম নেয়। দুর্গন্ধযুক্ত পানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় অনেক শিক্ষার্থী চর্মরোগ ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য স্কুল মাঠে লক্ষাধিক টাকার মাটি ভরাট করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন বলেন, অচিরেই জলাবদ্ধতার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।