ঝিনাইদহে ঢাকা থেকে দর্শনাগামী যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের হামলায় বাসের চালক, হেলপার ও যাত্রীসহ চারজন আহত হয়েছেন। তারা রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে দর্শনাগামী একটি নৈশ কোচে সাত/আটজনের একদল ডাকাত যাত্রী বেশে ওই কোচে উঠে। রাত দুইটার দিকে ঝিনাইদহ শহর পার হয়ে চুটলিয়া মোড়ে পৌঁছালে এক ডাকাত চালককে অস্ত্রের মুখে জিম্মি করে কোচটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ডাকাতদলের অন্যরা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট করে। চলন্ত কোচে ডাকাতি শেষে জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে কোচটি থামিয়ে ডাকাতদল নেমে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লুট করা মালামালেরপরিমাণ জানা যায়নি।