সাতক্ষীরায় সন্ত্রাস-জঙ্গিবাদ-নাশকতা প্রতিরোধে মানববন্ধন

সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
 
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আলতাফ হোসেন, সহ-সভাপতি ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মহিদুল ইসলাম, উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আসাদুল্লাহ বিন মুসলিম, ইবাদুল্লাহ বিন আব্বাস, মুজাহিদুর রহমান প্রমুখ।
 
বক্তরা বলেন, বর্তমানে জিহাদের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু তরুণকে সশস্ত্র বিদ্রোহে উস্কে দেয়া হচ্ছে। বাপ-মা, ঘরবাড়ি এমনকি লেখাপড়া ছেড়ে তারা বনে-জঙ্গলে ঘুরছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। কারণ ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা করা কোন মুসলিমের কাজ হতে পারেনা। 
 
মানববন্ধন কর্মসূচিতে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ শাখার পাঁচ শতাধিক নেতাকর্মীরা এ সময় অংশ গ্রহণ করেন। এর আগে শহীদ রাজ্জাক পার্ক থেকে এক র‌্যালি বের হয়ে শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।