তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'খালেদা জিয়া যেমন যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারেননি, তেমনি জঙ্গি-খুনিদেরও বাঁচাতে পারবেন না।'
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের জন্য খালেদা জিয়া অনুপযুক্ত। খালেদা জিয়া এবং বিএনপি যুদ্ধাপরাধী দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে খুনিদের পক্ষ নিয়েছেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।