বিজয়নগরে ১৫ বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বর্ডার আউটপোর্স্টের (বিওপি) এলাকার কাশিনগর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
আটককৃতদের তিনজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং বাকিদের বাড়ি ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায়।
 
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলী জানান, বিকেলে ত্রিপুরার সীমান্তবর্তী কাশিনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৯ জন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর একজন, প্রাইম এশিয়া ইউনিয়ন ভার্সিটির একজন, শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের একজন, নর্দার্ন ইউনিভার্সিটির একজন, উত্তরা ইউনিভার্সিটির একজন, ব্রাহ্মণাবড়িয়া সরকারি কলেজের একজন।
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বেড়াতে এখানে এসেছে। আটকদের নাম- ঠিকানা যাচাই এবং জিজ্ঞাসাবাদ চলছে।