নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে নয় মাসের ব্যবধানে আবারও জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে অফিসের দুটি কক্ষ থেকে কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে চোরেরা। এ সময় একটি লকারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে নৈশপ্রহরী অফিস থেকে চলে যাওয়ার পর বেলা ১১টার আগেই চোরেরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার কক্ষের অল-ইন-অল পিসির হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং নাজির কাম হিসাবরক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায়।
তিনি বলেন, চোরেরা অফিসের লকারের তালাও ভেঙেছে। পরে ভেতরে থাকা কাগজপত্র তছনছ করে। এছাড়া অফিসের সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশও খুলে নিয়ে গেছে তারা।
আবীর হোসেন জানান, এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একই অফিসের কাম হিসাবরক্ষকের কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছিল। সেবারও শুক্রবার একই কায়দায় জানালা ভেঙে অফিসে ঢুকে চুরি করা হয়। ওই সময়ের চুরির ঘটনার কিছু সিসিটিভি ক্যামারার ফুটেজ পুলিশের কাছে রয়েছে বলেও জানান তিনি।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
