খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এ যুদ্ধে সকলকে সামিল হতে হবে।
বৃহস্পতিবার জেলার রামগড়ে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রামগড় বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য একেএমআলীম উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, সাবেক সভাপতি মো. মোস্তফা হোসেনে, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল কাদের, সদস্য সচিব কাজী নুরুল আলম, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন রিপন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোস্তফা, আবুল খায়ের কন্ট্রাক্টর, খায়েজ আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজ উদ্দিন আহম্মদ রিপনের নেতৃত্বে বিএনপির কয়েকশ নেতাকর্মী এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।