বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রিয়াদ হোসেন (৩০) নামের এক যুবকের গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খলিফাবাড়ির সামনে দরগার খাল থেকে ভাসমান অবস্থায় পুলিশ রিয়াদের লাশ উদ্ধার করে।
নিহত শেখ রিয়াদ হোসেন উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালি গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্ত্রী মাসুমা বেগম জানান, বুধবার সকালে তার স্বামী পেশাগত কাজে বাড়ি থেকে বের হন। অনেক রাত পর্যন্ত না ফেরায় বারবার ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মোরেলগঞ্জের পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, নিহতের গলা, দুই হাত ও বাম পায়ের রগ কাটা। বুধবার দিনের কোনো এক সময়ে রিয়াদকে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।