যথাযথ মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী দিবসটি পালিত হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
যশোর:সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার জাহান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএফএম ফজলুল হক, যশোর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম বাহাউদ্দীনসহ পদস্থ সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমিল্লা:কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা সেনানিবাসের এম.আর চৌধুরী প্রাঙ্গণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম, আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিসহ বিভিন্ন সামরিক-অসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম):ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সমিতির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, স্যালুট ও সালাম প্রদর্শন, নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেজর জেনারেল (অব:) আমসা-আ-আমিনের ফুলবাড়ীস্থ বাসভবনে উঠানে ফুলবাড়ী অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সমিতির সভাপতি ও সার্জেন্ট (অব:) মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়ার ওয়ারেন্ট অফিসার (অব:) আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।