গোপালগঞ্জ সদর উপজেলায় নয়ন শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন শেখ বড়ফা বাজারে সবজির ব্যবসা করতেন। তিনি বড়ফা চরপাড়া গ্রামের আব্দুল আলী শেখের ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলাধীন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় বড়ফা চরপাড়া গ্রামের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে একটি ব্যাটারিচালিত ইজি বাইক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সকালে স্থানীয়রা বরফা খেয়াঘাট সংলগ্ন আশরাফ কাজী ও কালু কাজীর বাড়ির পাশে বালুর মাঠে নয়নের লাশ দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশ থেকে পুলিশ জামা-কাপড় ও একটি ছুরি উদ্ধার করেছে।
নয়নের মা ফজরা বেগম জানান, তারা জালালাবাদ ইউনয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মিনার সমর্থক। প্রতিপক্ষ আলীম মোল্লার লোকজন তার ছেলেকে বৃহস্পতিবার রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশ বালুর মাঠে ফেলে রেখেছে।
প্রতিপক্ষ বড়ফা গ্রামের আলীম মোল্লা অভিযোগ অস্বীকার করে জানান, গ্রামকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে মজিবর মিনার লোকজনই নয়নকে হত্যা করেছে। আমাদের লোকজনকে ফাঁসাতেই আমার সমর্থক আশরাফ ও কালু কাজীর বাড়ির সামনে লাশ ফেলে রেখেছে। নয়নকে অন্যত্র হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে আমরা সন্দেহ করছি। আমার বিশ্বাস পুলিশ সঠিক তদন্ত করলে এ হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটিত হবে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।