রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া ঘেঁষা পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরো দুই যাত্রী নিখোঁজ রয়েছে।
শনিবার ভোর থেকে ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।
উদ্ধারকৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুরের চর রামনগরের আকবর শেখের স্ত্রী হালিমন (৬০), মেয়ে ফরিদা (২৫), একই এলাকার রোকন শেখের মেয়ে বেগম (৩৭), কালুখালীর রতনদিয়া ইউপির আলতাব হোসেনের ছেলে রাহুল (৫) ও রাজু (৮)।
জানা গেছে, শুক্রবার বিকেলে পদ্মা নদীর হরিণবাড়িয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত একটি নৌকায় ৩৫ জন যাত্রী নিয়ে সাদার চড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছু দূরে গিয়ে তীব্র স্রোতের পাকে ডুবে যায়। এ সময় নৌযাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে গেলে উদ্ধারকারী অপর একটি নৌকাও ডুবে যায়। পরে স্থানীয়রা আরো নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করলেও ছয়জন নিখোঁজ ছিলো।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জিনাত আরা ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমসহ স্থানীয় প্রশাসন।