রায়পুরে দেয়ালচাপায় শিশুর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ১

লক্ষ্মীপুরের রায়পুরে দেয়ালের নিচে চাপা পড়ে আফছানা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত শিশুর বাবা দুলাল মিয়া বাদী হয়ে বাড়ির মালিক রেনুয়ারি বেগমসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রাতেই এজারভুক্ত মহিমা নামের এক নারীকে গ্রেফতার করে পুলিশ। 
 
আজ রবিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার (এসআই) কবির হোসেন মামলার বিষয় নিশ্চিত করে বলেন, বাড়ির মালিকসহ কয়েকজনের অবহেলার ফলে শিশুটি মারা যায়। এঘটনায় নিহত শিশুর বাবার দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়াও মামলাটি গুরুত্বপূর্ণ ভাবে তদন্ত করা হচ্ছে।
 
প্রসঙ্গত, গত শুক্রবার (০৫ মে) সন্ধ্যার দিকে পৌর শহরের খেজুরতলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির (নিরাপত্তা বেষ্টনী) পাকা দেয়াল ভেঙ্গে পড়ে ঘটনাস্থলেই আফছানা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। এসময় আলবি (৮) ও রিনা (১১) নামে আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। নিহত আফছানা উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার রিকশা চালক দুলাল মিয়ার মেয়ে। তারা খেজুরতলা এলাকায় একটি টিনশেডের বাড়িতে ভাড়া থাকেন।