স্বাধীনতার ৪৭ বছরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক মির্জাপুর উপজেলার আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তার উন্নয়নের ছোঁয়া পড়েনি। ফলে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তায় গিয়ে দেখা গেছে দুর্ভোগের চিত্র।
২নং জামুর্কি ইউনিয়ন পরিষদের কাটরা গ্রামের ওয়ার্ড মেম্বার মোঃ তোফাজ্জল হোসেন, ছাত্র নেতা মোঃ সাদ্দাম হোসেন ও আল মামুন অভিযোগ করে বলেন, আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থী ছাড়াও হাজার হাজার লোকজন যাতায়াত করে থাকেন। সামান্য বৃষ্টি হলেও রাস্তাটি কাদায় পরিণত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ফলে জনসাধারণের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তাটি পাকাকরণের। কিন্তু তাদের সে দাবি আজো বাস্তবায়ন হয়নি। জাতীয় নির্বাচন, স্থানীয় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, রাস্তাটি দ্রুত পাকা করা হবে। কিন্তু ভোটের পর আর নেতাদের কোনো খবর থাকে না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের শেষ নেই। রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য ভুক্তভোগী এলাকাবাসী স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ একাব্বর হোসেনের নির্দেশে আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি পাকাকরণের জন্য প্রকল্প তৈরি করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ঐ রাস্তাটি পাকা করা হবে।