পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় রাডার মোতায়েন করছে চীন। সম্ভাব্য সামরিক কর্মকাণ্ডের জন্যে তারা এটি মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সংবাদ মাধ্যমে রবিবার এ খবর প্রকাশ করা হয়।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীন তাদের দাবি করা গ্যাসক্ষেত্রে ভূমিতে নজরদারির লক্ষে রাডার ও সার্ভিলেন্স ক্যামেরা মোতায়েন করেছে। নিক্কেই বিজনেস ডেইলির খবরে এ কথা উল্লেখ করে বলা হয়, জাপানের মন্ত্রণালয় শুক্রবার এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে প্রতিবাদ জানিয়েছে। পত্রিকাটি আরো বলছে, জানা মতে ওই এলাকায় এটি সম্ভবত চীনের প্রথম রাডার স্থাপন। এলাকাটিতে প্রচুর তেল ও গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টোকিও রাডারের সক্ষমতা বিচার বিশ্লেষণ করে দেখছে এবং দেশটি আশংকা করছে পূর্ব চীন সাগরে বেইজিং তার সামরিক শক্তি জোরদার করবে। উল্লেখ্য চীন ও জাপান ২০০৮ সালে সমুদ্র তলার মজুদ উত্তোলনে যৌথভাবে কাজ করতে সম্মত হয়। ওই এলাকায় একতরফা খননকাজ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু উভয়পক্ষে আলোচনা থমকে যাওয়ায় টোকিও সন্দেহ করছে চীন মাঝে মাঝেই জাপান সীমান্ত সংলগ্ন নৌ এলাকায় কুপ খননের কাজ চালায়।
এদিকে রবিবার টোকিও বেইজিংয়ের কাছে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে জাপানের জলসীমায় চীনের দুটি নৌবাহিনীর জাহাজ প্রবেশের পৃথক প্রতিবাদ জানিয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএস
ইত্তেফাক/এসএস