উখিয়া পুলিশ সন্দেহজনকভাবে চলাফেরার সময় এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে পর্যবেক্ষণ করে শরীরে ইয়াবা রয়েছে বলে সন্দেহ হলে হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক্সেরে মেশিনে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিত্সক তার পেটের ভিতর ইয়াবা আছে বলে পুলিশকে জানায়। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনায় আটক নাটোর সাটুরিয়া দীঘির পাড় এলাকার মুফিজ উদ্দিনের ছেলে আনিসুল ইসলামের কাছ থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ইয়াবা কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
দুর্বৃত্তের হামলায় ট্রাকচালক ছুরিকাহত
উখিয়ায় ট্রাকচালক নবী হোছন (৩২)-কে গতিরোধ করে ওতপেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে বলে জানা গেছে। বুধবার রাত ১২ টার দিকে পশ্চিম সিকদার বিল জামতলী ক্লাবের পার্শ্বে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ফরিদুল ইসলাম জানান, নবী হোছন দুর্বৃত্তদের মারমুখি হাত থেকে প্রাণ বাঁচাতে তার বাড়িতে আশ্রয় নেয়। এসময় দুর্বৃত্তরা তার বাড়িতে অনধিকার প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর করে সেখানেও নবী হোছনকে মারধর করে। পরে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নবী হোছন বাদী হয়ে দক্ষিণ পুকুরিয়ার আলী আহমদ, রাজাপালংয়ের কবির আহমদ ও রশিদ আহমদকে আসামি করে বৃহস্পতিবার বিকেলে উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।