চলমান সিরিয়া যুদ্ধে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী তৎপর রয়েছে বলে খবর পাওয়া গেছে। বিবিসির হাতে আসা বেশকিছু ছবিতে প্রথমবারের মতো সিরিয়ার মাটিতে ব্রিটেনের বিশেষ বাহিনীর সেনাদের দেখা গেছে। তবে এ ব্যাপারে কোন পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ার কিছু ছবিতে প্রথমবারের মত এমন সব যানবাহন দেখা গেছে যেগুলো বন্ধুর প্রাকৃতিক পরিবেশে চলাচলের উপযোগী। এই যানগুলো ব্রিটিশ বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে।
বিবিসির হাতে আসা ছবিগুলোতেও ব্রিটিশ বিশেষ বাহিনীর সদস্যদের দেখা গেছে। এই ছবিগুলোতেই সিরিয়ার মাটিতে প্রথমবারের মতো ব্রিটিশ সেনাদের দেখা গেল।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি অনুযায়ী, ব্রিটিশ সেনারা সেখানে হামলা প্রতিরোধ করার কাজে নিয়োজিত রয়েছেন। কিন্তু তাদের কাছে স্নাইপার রাইফেল, ভারী মেশিনগান এবং ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে জানা গেছে।
নিউ সিরিয়ান আর্মির এক মুখপাত্র ছবিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও ব্রিটিশ সেনাদের সহায়তা নেওয়ার কথা স্বীকার করেছেন।