সমপ্রতি নিজ মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে এ সিরিজ পরাজয় ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের ওপর কোনো প্রভাব ফেলবে না মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
কেন কোনো প্রভাব ফেলবে না ? এই প্রশ্নের জবাবে ব্যাখ্যা করে ক্যালিস বলেন, ‘আমি মনে করি না কোহলি চাপে থাকবে। বার বারই সে ভালো করছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং দলের সবাই তাকে অনুসরণ করে। নিশ্চিতভাবেই বিশ্ব সেরাদের একজন কোহলি। ’
শচিন টেন্ডুলকারের একশ’ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কোহলি ভাঙতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন এর জবাব কেবল ভারতীয় অধিনায়কই দিতে পারেন। মাত্র ৩০ বছর বয়সেই কোহলি ৬৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করায় অনেকেই মনে করছেন তিনি টেন্ডুলকারের সকল ব্যাটিং রেকর্ড ভেঙে ফেলবেন।
ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন ক্যালিস বলেন, ‘আমি মনেকরি কোহলি যতদূর চাইবে ততদূর সে যেতে পারবে। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। তার মধ্যে ক্ষুধা আছে। কঠোর পরিশ্রম করে। বছরের পর বছর সে এটা প্রমাণ করেছে। তার ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেসব কিছু সাধারণভাবে চিন্তা করে। তার ব্যাটিং জনগণ উপভোগ করে। কেবলমাত্র কোহলিই জবাব দিতে পারে। সে যদি ফিট থাকে এবং অনেকদূর যেতে চায় তবে কোনো কিছুই তার নাগালের বাইরে নয়।’ - বাসস