রিও অলিম্পিক টেনিস : এলিনার কাছে হেরে সেরেনার বিদায়

 
রিও অলিম্পিকের আসর খুব একটা সুখকর হল না বিশ্ব টেনিসের মুকুটধারী সেরেনা উইলিয়ামসের জন্য। বিশ্ব র‍্যাংকিংয়ে ২০তম অবস্থানে থাকা ইউক্রেনের টেনিস তারকা এলিনা এসভিটোলিনের কাছে হেরে বিদায় নিলো টেনিসের এই টপ সিডার।
 
কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত করার এই ম্যাচে সেরেনা ৬-৪ ও ৬-৩ ব্যবধানে এলিনার কাছে হেরে যায়।
 
হার প্রসঙ্গে সেরেনা উইলিয়ামস বলেন, 'যেভাবে চেয়েছিলাম, সেভাবে খেলাটা শেষ করতে পারিনি। অবশ্য রিও অলিম্পিকে নিজের নাম লেখাতে পেরেও আমি বেশ গর্বিত।'
 
তিনি আরো বলেন, 'দুজনের মধ্যে ভাল খেলেছে যে, সেই জয় পেয়েছে। তবে আগামীবার হিসেবটা এমন হবে না। নিশ্চিতভাবেই ভাল কিছু করে দেখাব আমি। আর সেদিনটির অপেক্ষায় রইলাম।'
 
এদিকে টেনিসের ডবল থেকে সেরেনা উইলিয়ামস ও তার বোন ভেনেসা উইলিয়ামস বিদায় নিয়েছেন। নারীদের ডবল টেনিস ইভেন্টে রবিবার চেজ রিপাবলিক দলের লুসিয়া সাফারুভোয়া এবং বারবোরা স্ট্রাইকোভার কাছে হেরে গেছে এই জুটি।
 
এই ম্যাচে জয় পাওয়ার পর এলিনা বলেন, 'এটা আমার জন্য অবিশ্বাস্য এক ব্যাপার। এটা যথোপযুক্ত এক সময়।' কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চেজ রিপাবলিকানের পেত্রা কাভিতোভার মুখোমুখি হবেন তিনি।
 
সেরেনার বিদায়ের মাধ্যমে নারী টেনিসে শীর্ষ ৮ সিডারের মধ্যে অবশিষ্ট রইল অ্যাঞ্জেলিকা কারবার ও মেডিসন কিইস। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ