এশিয়ান গেমস 

আমিরুলের জোড়া গোলে হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০

চলমান এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। 

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আমিরুল ইসলামের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। তাই ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। 

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান আমিরুল। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। গত দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন জিমি।

৪৮ মিনিটে ইন্দোনেশিয়া পেনাল্টি স্ট্রোক পায়। সেখান থেকে গোল করে হারের ব্যবধান কমান ফাতু। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইত্তেফাক/জেডএইচ