রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় আহত এক পথচারীর মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহমান (৭০) একজন চা বিক্রেতা ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।
বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ছেলে আজাদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে যাত্রাবাড়ী থানাধীন ‘মাহবুবুর রহমান মোল্লা কলেজের’ সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ এএসএমইউ