নেপাল থেকে নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবার স্বপ্ন ভঙ্গের পর বাংলাদেশের ফুটবলাররা পুরো বিশ্রামে চলে গেছেন। খেলোয়াড়রা বাফুফের ক্যাম্পেই থাকবেন। কিন্তু এপ্রিলে বঙ্গমাতা অনূর্ধ্ব—১৯ ফুটবলের জন্য কঠোর অনুশীলনে নামছেন না। টানা দুটি টুর্নামেন্ট খেলেছে ২০ দিনে। আর অনুশীলন ক্যাম্পে রয়েছে সেই ২০১৬ সাল হতে। আগামী ২৮ মার্চ পুনরায় অনুশীলন শুরু হবে বলে কাল জানিয়েছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘১৬ সাল থেকে টানা অনুশীলন। গত ২০ দিনে দুটি বড় টুর্নামেন্ট খেলে আমাদের খেলোয়াড়রা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত। একটু বিশ্রাম দরকার।’ বিশ্রাম হলেও প্রতিদিন স্ট্রেচিং করবেন আইসিং করবেন খেলোয়াড়রা। বঙ্গমাতা অনূর্ধ্ব—১৯ নারী ফুটবল টুর্নামেন্টের আগে শরীরটাকে ঝরঝরে করতে চান খেলোয়াড়রা। সব খেলোয়াড় ক্যাম্পে থাকবেন তবে সিরাত জাহান স্বপ্না ছুটিতে রংপুর যাবেন, তার মা অসুস্থ।