বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাবে দুর্দশায় পড়া ২০ লাখ মানুষের জীবন বাঁচাতে সিরিয়ার আলেপ্পোয় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর কিছু অংশ সরকারি বাহিনী পুনর্দখল করে নেয়ার দাবিটি প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা।
জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যদি দ্রুত বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা সংস্কার করা না যায়, তবে আলেপ্পোর কয়েক লাখ বেসামরিক নাগরিক শোচনীয় পরিস্থিতির মুখোমুখি হবে। সেখানকার অবস্থা নিয়ে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন।’ জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত মাসে ক্যাস্টেলো রোড অবরুদ্ধ হয়ে যাওয়ায় আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রায় তিন লাখ মানুষ আটকে পড়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘উভয় পক্ষের অবরোধের কারণে আলেপ্পোয় কার্যত অবরুদ্ধ হয়ে পড়া বেসামরিক নাগরিকদের সংখ্যা ২০ লাখে দাঁড়াবে।’
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ- এর পক্ষ থেকে বলা হয়েছে, আলেপ্পোতে দাবদাহ ও নোংরা পানি পান করার কারণে বিশেষ করে শিশুরা ডাইরিয়াসহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স
ইত্তেফাক/এমএএস