রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদসহ একজন আটক

রাঙ্গামাটির বাঘাইছড়ির লংগদুতে অভিযান চালিয়ে নির্ভীক চাকমা (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। আইএসপিআর জানায়, তার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলোবারুদ, সামরিক পোশাক, মুঠোফোন, ট্যাব ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আঞ্চলিক একটি রাজনৈতিক দলের নেতা ও সন্ত্রাসী।
 
বুধবার ভোর ৬টার দিকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথবাহিনীর অভিযানে নির্ভীক চাকমাকে আটক করা হয়। এর পর বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানায়।
 
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে সারোয়াতলি ইউনিয়নের শিষকমুখ হাগাড়াছড়ি গ্রামে যৌথবাহিনী’র একটি দল অভিযান চালায়। অভিযানে আঞ্চলিক ১টি রাজনৈতিক দলের সন্ত্রাসী ও চাঁদা আদায়কারী নির্ভীক চাকমাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি অটোমেটিক পিস্তল, একটি এলজি পিস্তল, একটি লং ব্যারেল গান, ১০ রাউন্ড পিস্তলের গুলি, ৮ রাউন্ড এলজি পিস্তলের গুলি, এক জোড়া সামরিক পোশাক, নগদ ১৭ হাজার ৩৩১ টাকা, তিনটি মুঠোফোন, ট্যাব, চাঁদা আদায়ের রশিদ ও  টাকা আদায়ের একটি ব্যাগ উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যে জানা গেছে, নির্ভীক চাকমা বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কয়েকটি বাজারে চাঁদা উত্তোলনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা করা হয়েছে।